কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ট্যুরিজম আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন কনফারেন্স (ইনটেক) ২৬। কুয়ালালামপুর কনভেনশন সেন্টার এ আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং বাংলাদেশি ট্রাভেলটেক প্রতিষ্ঠান M360 ICT অংশগ্রহণ করছে। বাংলাদেশের দুটি বুথে বিভিন্ন তথ্য ও উপকরণ এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় পর্যটন গন্তব্য এবং পর্যটন প্রযুক্তির বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে । বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের নিয়ে বাংলাদেশ বুথ পরিদর্শন করছেন ।

মেলার অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মুক্তমঞ্চে বাংলাদেশের পর্যটন বিষয়ক বিভিন্ন ভিডিওচিত্র এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন দিক আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। মিজ শামিমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের একটি দলের এই আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের প্রশংসা অর্জন করেছে।

মেলার প্রথমদিন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ মেলার অন্যান্য বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় আগত দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতিকে এবং এখাত সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিকে আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে মেলা উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, মিস্টার আকবাল সেতিয়া, ডেপুটি ডিরেক্টর জেনারেল, প্রমোশন্স/হেড অব সেক্রেটারিয়েট সহ সংশ্লিষ্ট অতিথিগণ, আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং বাংলাদেশকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

ইনটেক ২৬-এ বাংলাদেশসহ ২৫টি দেশ ১৫৫টি বুথে অংশগ্রহণ করছে। এর মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ ও এসংক্রান্ত তথ্য-প্রযুক্তি সেবা তুলে ধরাসহ এখাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights