কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, সাত দালালের কারাদণ্ড
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে র্যাব-১০-এর উদ্যোগে পরিচালিত অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) ও মো. আরমান (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বিরকে ২০ দিন করে, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন করে এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ যাতে দালালচক্রের প্রতারণার শিকার না হন, তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নিয়ে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছিল। অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও পাসপোর্ট না দেওয়া কিংবা জাল কাগজপত্র সরবরাহের অভিযোগও পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে দালালচক্রের সদস্যদের আটক করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এ ধরনের দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
