ক্রিকেটারদের বাড়তি চাপ দিতে রাজি নন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। টানা ব্যর্থতায় আইসিসি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে বাংলাদেশ। টেস্টেও অবস্থা ভালো নয়, বাংলাদেশ আছে নবম স্থানে। পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী হওয়া সত্ত্বেও ক্রিকেটারদের ওপর অতিরিক্ত চাপ দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে বৈঠক শেষে বেরিয়ে রবিবার সাংবাদিকদের আমিনুল বলেন, ‘আমরা এখনও ক্রিকেটারদের সাথে কথা বলিনি। আমাদের সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম দলের সাথে পাকিস্তানে আছেন এবং আমরা তার সাথে কথা বলেছি। আমরা ক্রিকেটারদের ওপর কোনো বাড়তি চাপ না দেওয়ার চেষ্টা করছি।’

দু’দিন আগে বিসিবির দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টার সাথে রবিবার প্রথম দেখা করেন আমিনুল। ক্রিকেটারদের ওপর কোন চাপ দেওয়ার পক্ষে নন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল, ‘আমার কাজ ক্রিকেটারদের সাথে কথা বলা নয়, আমার কাজ হল পরিচালকদের সাথে কথা বলা। প্রয়োজনে আমি অবশ্যই কথা বলব। একটি সিরিজের মাঝে ক্রিকেটারদের সাথে কথা বলা ভাল নয়।’

বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আমিনুল বলেন, ‘ক্রিকেটের পারফরমেন্স ঊর্ধ্বমুখী-নিম্নমুখী হয়। এটা শুধু বাংলাদেশ ক্রিকেটে নয়, সব জায়গায়।’

তিনি আরও বলেন, ‘আমি মাত্র দায়িত্ব নিয়েছি। আমাকে একটু দেখতে হবে। অবশ্যই পারফরমেন্সের উন্নতি হবে, গ্রাফ উপরে উঠবে, যদি আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।’

বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল। দায়িত্ব নেওয়ার একদিন পর পরিচালনা পর্ষদের সভায় নিজের পরিকল্পনা তুলে ধরেন এবং বাস্তবায়নের নকশাও দেন আমিনুল।

সভা শেষে বোর্ডের কর্মপরিকল্পনা তুলে ধরে বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সভার একটি বড় ফলাফল ছিল- বাংলাদেশে ক্রিকেট কার্যক্রম বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত।’

পরিকল্পনাটি দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে দু’টি পাইলট প্রকল্প দিয়ে শুরু হবে। যেখানে বিসিবির কার্যালয় হবে।

এটিকে সম্পূর্ণ নতুন সূচনা হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অবিলম্বে এই প্রকল্পটি শুরু করব। এছাড়াও প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে কোচ, আম্পায়ার এবং কিউরেটর তৈরি করার পরিকল্পনা আছে।’ সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights