ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ উদ্যোগ

অনলাইন ডেস্ক

ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বুধবার একাধিক সিদ্ধান্ত নিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা এবং ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণসহ মোট ৯টি কর্মসূচি হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীর নির্দেশনায় এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য স্থায়ী বেতন কাঠামো চালুর উদ্যোগ, যাতে খেলাধুলাকে টেকসই পেশা হিসেবে গড়ে তোলা যায়। একই সঙ্গে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে প্রাথমিক স্তর থেকেই ক্রীড়াচর্চা নিশ্চিত হয়।

প্রতিভা বিকাশে ‘নতুন ক্রীড়া স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী সম্ভাবনাময় ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো জোরদারে উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন ও কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকায় খেলার মাঠ স্থাপন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতেও আলাদা পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। এছাড়া দেশে ক্রীড়া সরঞ্জাম শিল্প গড়ে তোলা এবং বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় যুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights