বগুড়ায় ছাদ ফুটো করে কয়েদির পলায়ন : শাস্তির মুখে ডেপুটি জেলারসহ ৮ জন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় ডেপুটি জেলার হোসেনুজ্জামান ও প্রধান কারারক্ষীসহ মোট ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অপর তিনজন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার জেল সুপার আনোয়ার হোসেন এসব তথ্য জানান।

জানা যায়, বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসন ও ডিআইজি প্রিজনের গঠিত পৃথক কমিটি ঘটনার তদন্ত শুরু করেন। শুরুতেই প্রাথমিকভাবে দায়িত্ব অবহেলায় কারণে এই আট জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। সাময়িক বরখাস্তকৃতদের মধ্যে ডেপুটি জেলার ছাড়াও সর্বপ্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন, প্রধান দুই কারারক্ষী দুলাল মিয়া ও আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলাম রয়েছেন।

এছাড়া বিভাগীয় মামলা করা হয়েছে প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম, সহকারী প্রধান কারারক্ষী সাইদুর রহমান ও কারারক্ষী রেজাউল করিমের বিরুদ্ধে। এদিকে, কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদির পালানোর ঘটনায় বগুড়া কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঝুঁকি দেখা দেয়। এ কারণে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি, জঙ্গি মামলায় অভিযুক্ত জেএমবির আসামিদের অন্য কারাগারে সরিয়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগীয় কারাগারসহ পাশের জেলার বিভিন্ন কারাগারে আসামি সরানোর কাজ চলে। এদের মধ্যে প্রথম ধাপে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন কয়েদিসহ গুরুত্বপূর্ণ পাঁচ কয়েদিকে রাজশাহী বিভাগীয় কারাগারে সরিয়ে নেওয়া হয়। এরা হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাঈম মন্ডল, শিবলু ফকির ও আবদুর রাজ্জাক। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদি হলেন রবিউল ইসলাম ও আবদুর রহিম। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান বগুড়া কারাগার চত্বর পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান শাহিন জানান, পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল গত বুধবার রাতে চার কয়েদির বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদেরকে পুনরায় কারাগারে প্রেরণ করেন। এই আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে দেয়াল দিয়ে বানানো রশি নামিয়ে গত বুধবার ভোররাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়ে যায়। পরে চেলোপাড়া চাষীবাজার থেকে টহল পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights