খুলনায় তিন ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার ১৭ ঘণ্টা পার হলেও আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার সকাল থেকে নিহত দুই তরুণের পরিবারের সদস্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অবস্থান করতে দেখা যায়। এর আগে, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক তরুণকে গুলি ও ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে একই এলাকার নাজমুল (১৮) নামে আরেক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

নিহত মঞ্জুরুল আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। আর নাজমুল একই এলাকার মনির শেখের ছেলে। স্থানীয়দের ভাষ্য, আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলা নিয়ে মঞ্জুরুলের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। খেলা শেষে মঞ্জুরুল এক বন্ধুকে নিয়ে আশিবিঘা কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে।

অন্যদিকে, বুধবার বিকেল ৪টার দিকে চুল কাটিয়ে বাড়ি ফেরার পথে তিন থেকে চারজন যুবক নাজমুলকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে আশিবিঘা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণের লাশ পড়ে থাকার খবর পেয়ে নাজমুলের বাবা মনির শেখ ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, দুই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। হত্যাকাণ্ড দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights