গোপালগঞ্জে বিড়াল ফেলা নিয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামে বস্তা বন্দী একটি বিড়াল ফেলাকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গাউস মোল্লার বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার নিজড়া গ্রামের বিদ্যাধর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউপির সাবেক সদস্য গাউস মোল্লার বাড়ির পাশে একটি ঘাটলা আছে। সোমবার বিকেলে নিজড়া ইউনিয়নের দেলোয়ার মোল্লার ছেলে মিনহাজ মোল্লা ওই ঘাটলার কাছে বস্তা বন্দী একটি বিড়াল ফেলতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে মোবাইল ফোনে গাউস মোল্লার সাথে মিনহাজ মোল্লার কথা কাটাকাটি হয়। এ ঘটনায় সন্ধ্যার দিকে মিনহাজ মোল্লাসহ প্রায় ২০ জন লোক গাউস মোল্লার বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে।

বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ করে গাউস মোল্লা জানান, এ সময় হামলাকারীরা তার বাড়ি থেকে নগদ ৪ লাখ টাকা ও ৫/৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শফিউল আলম জানান, মিনহাজ মোল্লা ও গাউস মোল্লার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হামলা ও ভাঙচুরের বিষয় তার জানা নেই। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights