গ্রুপ সেরা হতে চান কানাডা কোচ

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েছে কানাডা। দলটির প্রধান কোচ জেসি মার্শ জানিয়েছেন, ভ্যানকুভারে থেকেই নকআউট পর্বের ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া করতে চান না তারা।

‘বি’ গ্রুপে এখন পর্যন্ত ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কানাডা। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনা এবং কাতার রয়েছে এক পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার ভ্যানকুভারেই মুখোমুখি হবে কানাডা ও সুইজারল্যান্ড। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন কারা হবে। সমীকরণ অনুযায়ী, সুইজারল্যান্ডের বিপক্ষে হার এড়ালেই গ্রুপ সেরা হতে পারবে কানাডা। আর শীর্ষস্থান নিশ্চিত করতে পারলে ভ্যানকুভারেই রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলার সুযোগ পাবে তারা।

ফলে নকআউট পর্বের আগে দীর্ঘ বিশ্রামের সুবিধাও পাবে কানাডা, যা টুর্নামেন্টে তাদের জন্য বড় বাড়তি সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

গ্রুপ চ্যাম্পিয়নরা আগামী ৩ জুলাই বাংলাদেশ সময় সকালে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে। অন্যদিকে রানার্সআপ দলগুলোকে খেলতে হবে এর পরবর্তী রোববার।

সুইজারল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ জেসি মার্শ বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল গ্রুপ সেরা হওয়া। ভ্যানকুভারে থেকে যাওয়া এখন আমাদের প্রধান লক্ষ্য। আমি যখন দায়িত্ব নিই, তখন থেকেই টুর্নামেন্টের ফরম্যাট বুঝে বলেছিলাম, আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তখন অনেকেই এটাকে অবাস্তব ভেবেছিল, কিন্তু এখন আমরা সেই অবস্থানেই আছি।’

তিনি আরও বলেন, ‘ড্রয়ে যখন সুইজারল্যান্ড আমাদের গ্রুপে আসে, তখনই আমরা ঠিক করি—শেষ ম্যাচে এমন অবস্থায় থাকতে হবে যেন গ্রুপ জেতার সুযোগ থাকে। এখন আমরা সেই লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং দল পুরোপুরি প্রস্তুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights