চট্টগ্রামে ইবনে সিনা ডায়াগনস্টিক ও ভবন মালিককে জরিমানা
অনলাইন ডেস্ক
পার্কিং ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট ভবন মালিককে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই অভিযানে সংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সিডিএর অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে এ জরিমানা করা হয়।
সিডিএ সূত্র জানায়, নগরীর মেহেদিবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপুল পর্যন্ত হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসনে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করে পার্কিং ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
গত ৬ আগস্ট ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দিয়েছিল সিডিএ। এরপরও দুই মাসের বেশি সময়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গত ১৩ অক্টোবর পুনরায় প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় পরিস্থিতির উন্নতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এর ধারাবাহিকতায় বুধবার সিডিএর অথরাইজড অফিসার-১ এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে সিডিএ। সভায় হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন ও পার্কিং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
