চট্টগ্রামে গাঁজা-ফেনসিডিলসহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ৭১ কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য জানায়।
এর আগে শুক্রবার নগরীর বায়েজিদ থানার জালালাবাদ ও ফতেহপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের মনির উদ্দিন (২৪), মো. ভুট্ট (১৯), নগরীর বায়েজিদ এলাকার মো. সুমন (২৭), মো. মহিন প্রকাশ কালু (৩০) এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার শরিফুল ইসলাম সুমন (৩০)।
র্যাব জানায়, ফেনী ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। অপরদিকে নগরীর বায়েজিদ থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য সাড়ে ৬ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
