চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। রবিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমানত শাহ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গণপিটুনি দিয়ে শাহেদ হোসেন নামের ওই ছিনতাইকারীকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে লালদিঘি এলাকার জেল রোডের মুখে অবস্থান করছিলেন শাহেদ হোসেন। আমানত শাহ মাজারসংলগ্ন এলাকায় তার সঙ্গে ভবঘুরে ওই যুবকের বাগবিতণ্ডা হয়। দুজনের মধ্যে পরে ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে শাহেদ ওই ভবঘুরে যুবককে ছুরিকাঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা ধাওয়া দিয়ে শাহেদকে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করেন। গুরুতর আহত ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, নিহত যুবকের পরিচয় জানতে সিআইডি তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। তাকে ঠিক কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে সেটাও জানার চেষ্টা চলছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক ছিনতাইকারীকেও প্রাথমিক চিকিৎসা শেষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
