চট্টগ্রামে নজর কাড়ছে থিমভিত্তিক পূজামণ্ডপ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজায় নজর কাড়ছে থিমভিত্তিক মণ্ড। নগরীতে এ ধরনের বেশ ক’টি পূজামণ্ডপ তৈরি হয়েছে, যা শিল্পমানের দিক থেকে মন জয় করে নিয়েছে পূজার্থী ও শিল্পবোদ্ধাদের। কোনো কোনো মণ্ডপ দেশের গন্ডি পেরিয়ে প্রশংসিত হচ্ছে বিদেশেও। থিমভিত্তিক মণ্ডপগুলোর একেকটি গতানুগতিকতার বাইরে গিয়ে নির্দিষ্ট বিষয়কে অবলম্বন করে সাজানো হয়েছে আলোকসজ্জা, ভাস্কর্য, স্কেচসহ নানা কারুকাজে। ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ইতিহাস, ঐতিহ্য ,সংস্কৃতি ও সমাজের নানা অসঙ্গতি। সমাজকে দিতে চাওয়া হয়েছে সুস্পষ্ট বার্তা।

নগরীর উত্তর কাট্টলী শ্রী শ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরের পূজামণ্ডপের থিম ’রিপু রজনী’। মণ্ডপটি থিম এবং শিল্পকর্মের দিক থেকে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। মানুষের ভেতরের ষড়রিপু এবং তার সাথে লড়াইয়ের ওপর ভিত্তি করে এই থিম তৈরি করা হয়েছে। মণ্ডপটি এমনভাবে সাজানো হয়েছে যেন দেবিদর্শনের মাধ্যমে মানুষ নিজের অন্তর্জগতের অন্ধকার ও ভেতরের রিপুগুলোর মুখোমুখী হওয়ার অভিজ্ঞতা লাভ করতে পারেন। এখানে ব্যতিক্রমধর্মী আলোর ব্যবহার নজর কাড়ছে দর্শনার্থীদের। অসুর বিনাশি দেবি দুর্গা মানুষের মনের অন্ধকার দূর করতে যেন এসেছেন মর্ত্যে। অপটিমিস্টিক দে’র পরিকল্পনা এবং নিলয় নন্দীর অলংকরণ ও আলোকসজ্জায় মণ্ডপটি সাজানো হয়েছে। প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী কার্তিক পাল।

মণ্ডপটি দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। ভীড় সামলানোই কঠিন হয়ে পড়েছে । এক থেকে দুই ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর তবেই সুযোগ মিলছে ভেতরে প্রবেশের। আয়োজকরা জানান, প্রায় সারা রাতই মণ্ডপ খোলা রাখা হচ্ছে, তবু দর্শনার্থীর কমতি নেই। ভারতের কলকাতায়ও মণ্ডপটি বেশ আলোচতি হচ্ছে। সেখান থেকে লোকজন এটি দেখতে আসছেন।

সেবাখোলা ও বৈকুণ্ঠধাম পূজা পরিষদের প্রধান উপদেষ্টা জুয়েল শীল বলেন, কয়েকদিন আগে কলকাতা থেকে কয়েকজন দেখতে এসেছিলেন। তারা এতো সুন্দর লাইটিং ও বৈচিত্র্য এর আগে দেখননি বলে আমাদের জানিয়েছেন।

নগরীর পতেঙ্গা কাঠগড় এলাকার হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দিরের মণ্ডপটির প্রতিও আগ্রহ রয়েছে দর্শনার্থীদের। যুগান্তরের বার্তাবহন থিমে এই মণ্ডপে সংবাদমাধ্যমের বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে। কবুতরের ডানায় সংবাদ বহন থেকে শুরু করে ঢোল পিটিয়ে সংবাদ প্রচার, পরবর্তীতে সংবাদপত্রের প্রচলন, কালের বিবর্তনে রেডিও, টেলিভিশনের আবির্ভাব এবং অনলাইন যুগে প্রবেশ-সবই ফুটিয়ে তোলা হয়েছে নানা শিল্পকর্মে। এছাড়া সংবাদ বহনের নেপথ্যের লোকজনকেও তুলে আনা হয়েছে। মণ্ডপের একেবারে মাঝখানে স্থাপন করা হয়েছে সাইকেলে করে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়া এক হকারের প্রতিকৃতি।

চট্টগ্রামে এবারের মণ্ডপেগুলোর মধ্য থেকে সেরা পাঁচটি পূজামণ্ডপ নির্বাচিত করেছে শারদ সম্মাননা পর্ষদ। এগুলো হলোগোসাইলডাঙ্গা সর্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির (থিম: ভাড়), বৈশাখী সংঘ, উত্তর কাট্টলী জ্বালাকুমারী বাড়ি (থিম: জল দুয়ার), খলিফাপট্টি সর্বজনীন পূজা উদযাপন পরিষদ (থিম: রক্তাঞ্জলি), পতেঙ্গা শ্যামা সংঘ, হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির (থিম: যুগান্তরের বার্তাবহন) এবং দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ (থিম: আত্মকথন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights