চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান, মালিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে একটি সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় সদের আলী নামে দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একবছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ওই দোকান থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি এবং ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত সদের আলী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারের মেসার্স সদের ট্রেডার্সের মালিক। সোমবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয় এবং রাতে বিষয়টি গণমাধ্যমকর্মীদের
জানানো হয়।

কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, কৃষি বিভাগের সহায়তায় মেসার্স সদের ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে নকল কীটনাশক তৈরি ও প্যাকটজাত করার সময় দোকান মালিক সদের আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন ও বিপুল পরিমাণ সার জব্দ করা হয় এবং সারগুলো দ্রুত বিক্রি করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদের আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights