চাকরি দেওয়ার নামে প্রতারণা, পাচারকারী চক্রের হোতা গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
মোংলায় বিদেশি বাণিজ্যিক জাহাজে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় আদম পাচারকারী চক্রের অন্যতম হোতা আবদুল গফুর ওরফে পানি গফুরকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
শুক্রবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার সামছুর রহমান রোডে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আদম পাচারকারী গফুরকে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন আদম পাচারকারী গফুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদম পাচারকারী গফুর গত ২৬ জুন বাগেরহাটের বারাকপুর গ্রামের তহমিনা বেগমের ছেলে তওহিদ হাসানকে মাসিক দেড় লাখ টাকা বেতনে বিদেশি জাহাজে চাকরি দেয়ার কথা বলে স্ট্যাম্পের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা নেওয়ার ২০ দিনের মধ্যে হাসানকে জাহাজে চাকরি দেবেন বলেও আশ্বাস দেন গফুর। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর ভুক্তভোগী তহমিনা তার ছেলে হাসানকে নিয়ে গত ১৬ জুলাই গফুরের কাছে যান। ওই সময় তিনি চাকরি ও টাকা ফেরত দিবেন না বলে উলটো ভয়ভীতি দেখান।
এ ঘটনার প্রতিকারে তহমিনা বেগম বাদী হয়ে আদম পাচারকারী প্রতারক গফুরের বিরুদ্ধে গত ১৯ জুলাই বাগেরহাট আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার গ্রেফতারি পরোয়ানায় শুক্রবার দুপুরে আসামিকে মোংলা পোর্ট পৌরসভার সামছুর রহমান রোডে তার নিজবাড়ি থেকে আটক করা হয়।
