ছক্কার ঝড়ে নতুন রেকর্ড গড়লেন অভিষেক
অনলাইন ডেস্ক
এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬১ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। এই ইনিংসে ভারতীয় এই তারকা হাঁকিয়েছেন ৭ ছক্কা। ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছেন অভিষেক।
পাকিস্তানের বিপক্ষে শনিবার এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে হাঁকানো দ্বিতীয় ছক্কাটি স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকের ৪০০তম ছক্কা। বলের হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে। ৪০০ ছক্কা মারতে ৩ হাজার ৫১৩ বল খেলেছেন অভিষেক। ‘ইউনিভার্স বস’ গেইলের লেগেছিল ৩ হাজার ৫৫৭ বল। সবার ওপরে আছেন আছেন আন্দ্রে রাসেল। ৪০০ ছক্কা মেরেছেন তিনি ৩ হাজার ২৭ বল খেলেই!
গতকাল শনিবারের ম্যাচের পর চলতি বছর ১০৪টি ছক্কা হাঁকিয়েছেন অভিষেক। ২০২৫ সালেও একবছরে একশ ছক্কা হাঁকিয়েছিলেন অভিষেক ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যে রেকর্ড নেই অন্য কারোর।
সবচেয়ে কম বলে একবছরে একশ ছক্কা হাঁকানোর রেকর্ডে দ্বিতীয় স্থানে এখন অভিষেক। ৬৫১ বলে এই রেকর্ড গড়েছেন তিনি। তার ওপরে আছেন ৫৮৯ বলে এই কীর্তি গড়া আন্দ্রে রাসেল। ৬৫৩ বলে এই রেকর্ড গড়ে তিনে অবস্থান করছেন ডেওয়াড ব্রেভিস।
এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা হাকানোর কীর্তিতে যুবরাজ সিংয়ের পাশে বসেছেন অভিষেক শর্মা। ২০১২ সালে যুবরাজ হাঁকিয়েছিলেন ৭টি ছক্কা। এবার সমানসংখ্যক ছক্কা হাঁকালেন অভিষেকও।
অভিষেকের রাজা হওয়ার ম্যাচে আগে ব্যাট করে ২১১ রান তোলে ভারত। এই তারকা ছাড়াও ২২ বলে অপরাজিত ৫১ রান করেন তিলক ভার্মা। রান তাড়ায় হাসান নওয়াজের ৯৬ রানের ইনিংসের পরও ১৯২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ১৯ রানের জয়ে স্বর্ণপদক জেতে ভারত।
