ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ছোট ভাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তার ছোট ভাই মো. রিপন (২০)।
বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, মঙ্গলবার ভোরে উপজেলার কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। তারা চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ ঘাটা গ্রামের মো. হোসাইন মিয়ার ছেলে। নিহত রোহান মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নিয়ে আসা গোলাম মোস্তফা নামে একজনের বরাত দিয়ে ইনচার্জ বাচ্চু মিয়া আরও জানান, তিনি (মোস্তফা) দীর্ঘদিন নারায়ণগঞ্জ থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে সোমবার রাতে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার ভোরে তাদের রিসিভ করার কথা ছিল তার। ফজরের সময় কাঁচপুর নেমে দুই ভাই তাকে ফোন দেন। তখন তিনি বাসা থেকে বের হয়ে কাঁচপুর গিয়ে তাদের খুঁজে পাননি।
একপর্যায়ে তাদের নম্বরে কল দিলে দুই ভাইয়ের চিৎকার শুনতে পান। পাশেই থাকা পুলিশের টহল টিমকে জানালে তাদের সহযোগিতায় পাশের একটি ব্রিজের ওপর তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
আহত ভাই রিপন জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পাশের একটি ব্রিজে নিয়ে যান। সেখানে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু বের করে দিতে বলেন। তারা প্রতিবাদ করায় তখন ছিনতাইকারীরা দুজনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি।
