জনগণের সহযোগিতা থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয়: এমপি লুনা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ যেন সঠিক এবং মানসম্মত ভাবে সম্পন্ন হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। এলাকার মানুষের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করা সম্ভব।
শনিবার দুপুরে বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামে তিনটি নতুন সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। বিশ্বনাথ ও ওসমানীনগরে কোনো কাঁচা রাস্তা থাকবে না। সব রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপি সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, বিএনপি নেতা সুরমান খান, কয়েছ শিকদার, আসাদুজ্জামান আসাদ, আজমল খান, যুবদল নেতা নাজিম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, ছাত্রদল নেতা জাকির হোসেন ইমন, আবদুল কাইয়ুম প্রমুখ।
