জনপ্রশাসনে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
ভুয়া নিয়োগপত্র জারি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য একটি প্রতারক চক্র কাজ করছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অসাধু চক্রের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে চাকরি প্রার্থীদের সচেতন থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের সই নকল করে জারি করা একটি ভুয়া অফিস আদেশ সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে আসে।

অফিস আদেশে মো. রেদুয়ান আহম্মেদ নামের এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভুয়া নিয়োগপত্র জারি করে সাধারণ মানুষের নিকট হতে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য একটি প্রতারক চক্র কাজ করছে।

গত ১০ আগস্ট তারিখে জারি করা এ ভুয়া অফিস আদেশে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবেলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক শূন্য পদের বিপরীতে সরকারি বিধি মোতাবেক রাজস্ব ভিত্তিতে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০/- ২০,০১০/- টাকার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই নিয়োগ ১১-০৮-২০২৬ হতে কার্যকর হবে।’

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রণলয়ের প্রশাসন-১ শাখা হতে এই ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি হয়নি বলে উপসচিব শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

এছাড়া সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগ দেওয়ার সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে বিভ্রান্ত হয়ে অসাধু চক্রের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি না করার জন্য চাকরি প্রার্থীদের সচেতন থাকার অনুরোধ জানানো হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য অনলাইনে আবেদন নেওয়া হয় এবং নিয়োগের সকল পর্যায়ের তথ্য প্রার্থীদের সাথে মোবাইলে এসএমএস এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) এর মাধ্যমে অবহিত করা হয়। এরপরও চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ জারি করে প্রতারণা করে যাচ্ছে। সাধারণ চাকরিপ্রার্থীদের চাকরি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights