জাতিসংঘে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

তথ্যের অখণ্ডতা নিশ্চিত করা, ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত তথ্য কমিটির ৪৮তম অধিবেশনের সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।

সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত এ অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বক্তব্য রাখেন। তিনি বলেন, ভ্রান্ত তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা, ঘৃণামূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বিশ্বজুড়ে বিভাজন বাড়াচ্ছে এবং সামাজিক আস্থা ক্ষুণ্ণ করছে। এ অবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং দেশীয় ও বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে। একইসঙ্গে শান্তিরক্ষা বিরোধী অপপ্রচার প্রতিরোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পরিবেশগত দায়বদ্ধতা শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকট এবং গাজায় চলমান মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিভ্রান্তিমূলক তথ্য এসব সংকটকে আরও জটিল করে তুলছে। তাই সঠিক তথ্য প্রচার ও বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শেষে তিনি জাতিসংঘের নীতিমালা ও মূল্যবোধের ভিত্তিতে একটি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights