জেলের জালে সাড়ে ১৬ কেজির পাঙ্গাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

এবার ইলিশের জালে ধরা পড়েছে প্রায় সাড়ে ১৬ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলী হায়দার নামে এক জেলের এ মাছটি ধরা পড়ে। পাঙ্গাশ মাছটি ওই জেলে কুয়াকাটা মেয়র মার্কেটে নিয়ে আসলে এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ। পরে নিলামের মাধ্যমে ১৮ হাজার টাকায় এ মাছটি এক মৎস্য ব্যসায়ী কিনে নেন।

জেলে আলী হায়দার বলেন, সে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ট্রলার নিয়ে সাগরে জাল তুলতে যায়। আন্যান্য মাছের সাথে এ মাছটি তার জালে আটকা পরে। প্রথমে জাল থেকে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাছটি নিয়ে তীরে এসে কুয়াকাটা মেয়র মার্কেটের তামান্না ফিস মৎস্য আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

মৎস্য ব্যবসায়ী মো.শাহাবুদ্দিন বলেন, এই পাঙ্গাশ মাছটি মূলত বঙ্গোপসাগরে খুঁটা জালে ধরা পড়েছে। ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের এ পাঙ্গাশ মাছটি ১ হাজার ১২৫ টাকা কেজি দরে ক্রয় করেছি। এ মাছটি ঢাকায় পাঠানো হবে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছের প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনার ফলে জেলেরা সুফল পাচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights