ঝগড়া লাগিয়ে হাতিয়ে নেয় মালামাল, ‘কাইজ্যা পার্টি’র দুই সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রতারণা করে মালামাল হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইদুর রহমান হাওলাদার এবং মো. মোর্শেদ (৫০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নগরে তারা ‘কাইজ্যা পার্টি’ নামেই পরিচিত।

গ্রেফতারকৃতরা রিকশা নিয়ে ঘুরেন। এরপর তাদের কয়েকজন যাত্রীর সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করেন। ওই সুযোগে আরেকজন রিকশায় থাকা মালামাল নিয়ে পালিয়ে যান। সাইদুর এই গ্রুপের প্রধান। তাদের কাছ থেকে লুট করা চার লক্ষাধিক টাকার মেডিকেল মেশিন এবং দুই লক্ষাধিক টাকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি মিরপুর-১০ থেকে ভিকটিম মহিউদ্দিন দুইটি মেডিকেল মেশিন নিয়ে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রিকশা নিয়ে হাজির হন সাইদুর। শেওড়াপাড়া আসার জন্য রিকশায় উঠে কিছু দূর যাওয়ার পর রিকশা নষ্ট হয়েছে উল্লেখ করে মহিউদ্দিনকে কিছুদূর হাঁটতে বলেন। কিছুদূর যেতেই সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ২/৩ জন ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে দেন তার সাথে। এই সুযোগে মালামালসহ রিকশা নিয়ে পালিয়ে যান সাইদুর। পরে থানায় অভিযোগ করলে গতকাল রাতে জড়িত দুইজনকে মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের শহীদনগর এলাকা থেকে মেডিকেল যন্ত্রাংশ এবং কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের গ্রুপে ঢাকা ও নারায়ণগঞ্জের ৭ থেকে ৮ জন সদস্য আছে। তারা কয়েক ভাগে ভাগ হয়ে এই কাজ করেন। তাদের মধ্যে এক দল থাকেন হাঁটাওয়ালা। তারা সেই যাত্রীর সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগান। একজন মাদলিওয়ালা। তিনি রিকশা চালান, রিকশা নিয়ে পালিয়ে যান। সাইদুর এই দলের মাদলিওয়ালা। আরেক দল পল্টিওয়ালা। যখন ওই যাত্রী ওই রিকশা খুঁজতে থাকেন তখন এই দল উল্টো রাস্তা দেখিয়ে দেন। মালামাল হাতিয়ে নেওয়ার পর সেই টাকার ৭০ শতাংশ সবাই সমানভাগে নেন। অতিরিক্ত ২০ শতাংশ পান মাদলিওয়ালা এবং ১০ শতাংশ পান হাঁটাওয়ালা। তারা ঢাকা ও নারায়ণগঞ্জে এই প্রতারণা করেন। প্রায় দুই বছর ধরে তারা এই কাজ করছেন। তাদের কাছ থেকে চার লক্ষাধিক টাকা মূল্যমানের মেডিকেল মেশিন এবং দুই লক্ষাধিক টাকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights