টঙ্গিবাড়ীতে রাস্তার উপরেই বিদ্যুতের খুঁটি রেখেইে রাস্তার কাজ সমাপ্ত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং ব্রিজ হতে বেতকা বাজার পর্যন্ত রাস্তার সোনারং কবরস্থানের পশ্চিম পাশে রাস্তার মধ্যেই একটি বৈদ্যুতিক খুঁটি রেখেই রাস্তার কাজ সমাপ্ত করা হয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাই দ্রুত রাস্তা থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, টঙ্গীবাড়ী উপজেলা হতে ঢাকা যাওয়ার প্রধান সড়ক এটি তাই প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। এ রাস্তা দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, ভ্যান, রিকশা, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। যখন রাস্তাটি সরু ছিল তখন বিদ্যুতের খুঁটিটি রাস্তার কিনারাতেই ছিল রাস্তা প্রশস্ত করার পর তা রাস্তার প্রায় ৪ থেকে ৫ ফুট ভেতরেই রয়েগেছে। তাই ওই খুঁটিটি এখন চলাচলকারীদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সোনারং গ্রামের বাসিন্দা মোঃ শরীফ হোসেন জানান, রাতের অন্ধকারে এই শীতকালের কুয়াশার মধ্যে তিনি ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় খুঁটির সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন। তার মতো গ্রামের অনেকেই এ রকম ঘটনার শিকার হয়েছেন। স্থানীয় সাইফুল আলম জানান তার নিজস্ব ছোট পিকআপ তিনি নিজেই চালান। ফলে ওই রাস্তা দিয়ে চলতে গিয়ে তিনি নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে টঙ্গিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম নুরুল আলম ভুইয়াকে অবহিত করলে তিনি জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
