টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় যুবক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল শহরে চাঁদাবাজি মামলায় মো. নাইম আদনান (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের দেওলা নিঝুম ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইম আদনান ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সিলেটে কুলবাখানী এলাকার মৃত এমএ নুরের ছেলে তারেক আহমেদ দেশের বিভিন্ন এলাকায় মনিপুরি তাঁতিশিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন নামে বাণিজ্য মেলা করে থাকে। তারই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থ বছরে টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলা করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৬ ডিসেম্বর তারেককে অনুমতির বিষয়টি জানানো হলে তিনিসহ ডেকোরেটর ম্যানেজার ফরহাদ হোসেন ২৯ ডিসেম্বর টাঙ্গাইলে আসেন। দেওলা এলাকায় অবস্থানকালে শহরের হাজরাঘাট এলাকার জাহিদ, মো. ইমরান, নাইম আদনান, বিপ্লব ও জামাল হোসেনসহ অজ্ঞাত আরো কয়েক জন তাদের নিঝুঁম ছাত্রাবাসে নিয়ে যান। তাদের মুক্তিপনের জন্য ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিতে হত্যার হুমকিসহ মারধর করতে থাকে। পরে বিকাশ ও এসএ পরিবহনের মাধ্যমে কয়েক দফায় নাইমদের পাঁচ লাখ ৬০ হাজার টাকা প্রদান করে। ৩০ ডিসেম্বর রাতে অভিযুক্তরা তারেক ও ফরহাদ হোসেনের তিনটি অলিখিত ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। বিষয়টি গোপন না রাখলে প্রাণ নাশের হুমকিও দেন অভিযুক্তরা। পরে থানায় তারেক আহমেদ বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এসআই রামকৃষ্ণ দাস বলেন, বৃহস্পতিবার গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিকেলের পর শুনানি হওয়ার কথা রয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights