ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত রেলওয়ে পুলিশ
পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে ট্রেন থেকে ছিটকে পড়ে সোহেল রানা (৪০), একজন রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার নেরাবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
শনিবার সকাল ৭টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৬) ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করছিল। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সোহেল রানা ভারসাম্য হারিয়ে রেললাইনে ছিটকে পড়েন।
চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, মুলাডুলি স্টেশনে ট্রেনের অনির্ধারিত যাত্রা বিরতির সময় তিনি নিচে নেমেছিলেন। পরে ট্রেন ছেড়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দরজা বন্ধ থাকায় হ্যান্ডেল ধরে ঝুলছিলেন। ট্রেনটি চাটমোহর স্টেশনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান।
দুর্ঘটনার পর স্টেশন মাস্টার ও সহকর্মীরা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির জানান, মাথা ও বুকে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, সোহেল রানা ওই ট্রেনেই ডিউটিরত ছিলেন। দুর্ঘটনার পরে সহকর্মীরা তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
