ডলার ছাড়াই হরমুজে টোল, বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়বে

অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য নতুন নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ট্রানজিট ফি ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে।

শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল এ তথ্য নিশ্চিত করেছে। প্রস্তাবটি ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের পক্ষ থেকে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার প্রেক্ষাপটে ইরান সাময়িকভাবে এই জলপথে টোল ব্যবস্থা চালু করেছিল।

তখন বিভিন্ন বাণিজ্যিক জাহাজ থেকে চীনা মুদ্রা ইউয়ানে শুল্ক আদায়ের তথ্যও সামনে আসে। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, গত ২৫ মার্চের মধ্যে অন্তত দুটি বড় জাহাজ ডলারের পরিবর্তে ইউয়ানে পরিশোধ করেছে।

বর্তমানে ইরান ও চীন বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব কমাতে আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে। এর অংশ হিসেবেই হরমুজ প্রণালিতে রিয়াল ব্যবহারের প্রস্তাব আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই প্রস্তাব কার্যকর হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে ইরানের মুদ্রা ব্যবহার করতে হতে পারে। এতে কৌশলগত এই জলপথে ইরানের নিয়ন্ত্রণ বাড়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights