ডাইভিংয়ে নেমে নিখোঁজ ৫ ইতালীয় পর্যটক, খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির

অনলাইন ডেস্ক

মালদ্বীপের ভাভু অ্যাটলের আলিমাথা এলাকায় ডাইভিং করতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ ইতালীয় পর্যটককে উদ্ধারে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের এক ডুবুরি।

কয়েকদিন আগে ডাইভিংয়ের সময় ওই পাঁচ পর্যটক নিখোঁজ হন। পরে অনুসন্ধানে সমুদ্রের প্রায় ৬০ মিটার গভীরে পানির নিচে একটি গুহার সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিখোঁজরা ওই গুহার ভেতরেই আটকে থাকতে পারেন।

এ ঘটনার পর এমএনডিএফের বিশেষ ডাইভিং টিম উদ্ধার অভিযান শুরু করে। তবে গভীর সমুদ্র, সীমিত দৃশ্যমানতা এবং তীব্র স্রোতের কারণে অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

অভিযানের এক পর্যায়ে এক ডুবুরি দুর্ঘটনার শিকার হন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এই ঘটনায় মালদ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিহত ডুবুরির সাহসিকতা ও দায়িত্ববোধের কথা উল্লেখ করছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের উদ্ধারে অংশ নিতে গিয়ে তার মৃত্যু সহকর্মীদের মাঝেও গভীর শোকের সৃষ্টি করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলিমাথা এলাকার পানির নিচের গুহাগুলো ডাইভিংয়ের জন্য পরিচিত হলেও সেগুলো অত্যন্ত বিপজ্জনক। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights