ডেঙ্গু ঠেকাতে মাঠে সাড়ে ৭ হাজার কর্মী, শুরু তিন মাসের বিশেষ অভিযান
অনলাইন ডেস্ক
ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে দেশব্যাপী শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই বিশেষ কর্মসূচি উদ্বোধনের পর থেকেই ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়ি বাড়ি পরিদর্শন, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা তৈরির কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে সাড়ে ৭ হাজার মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী মাঠে নেমেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬’-এর আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম স্বাগত বক্তব্য দেন। কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুটি প্রদর্শনী স্টলও স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের স্টলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্টলে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ নামে একটি উদ্ভাবনী উদ্যোগের ধারণা প্রদর্শন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তারা নিজ নিজ অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন।
প্রসঙ্গত, তিন মাসের এই বিশেষ কর্মসূচিতে মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি নগরজুড়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
