ড্যাফোডিলে ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ আন্তর্জাতিক সম্মেলন
অনলাইন ডেস্ক
ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন, অপরাধবিজ্ঞান ও বিচারব্যবস্থাকে উপনিবেশিক দৃষ্টিভঙ্গির বাইরে নতুনভাবে মূল্যায়নের লক্ষ্য নিয়ে দেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, ড্যাফোডিল লিগ্যাল রিসার্চ সেন্টার এবং দেশি-বিদেশি বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, আইনবিদ, বিচারক, নীতিনির্ধারক, আইনজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘আনশ্যাকলিং দ্য মাইন্ড: ডিকলোনাইজিং ল, ক্রিমিনোলজি অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ’।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার (গভর্ন্যান্স) ড্রাগান পোপোভিচ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম. এ. মতিন এবং বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে কার্যকর আইন ও বিচারব্যবস্থা অপরিহার্য।
বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় রেখে এমন আইনগত কাঠামো গড়ে তুলতে হবে, যা স্থানীয় জনগণের প্রয়োজন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সম্মেলনের বিভিন্ন একাডেমিক অধিবেশনে আদিবাসী বিচারব্যবস্থা, বাংলাদেশের বিচারব্যবস্থায় উপনিবেশবাদের প্রভাব, নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের ডিকলোনাইজেশন, ট্রানজিশনাল জাস্টিস এবং অপরাধবিজ্ঞান বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন, তুরস্কের বোগাজিচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলচুক আইদিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, নেপাল ফোরাম ফর রেস্টোরেটিভ জাস্টিসের নির্বাহী পরিচালক রাম তিওয়ারিসহ দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষাবিদ।
