তবুও কি নীতীশ-নাইডুর অপেক্ষায় ‘ইন্ডিয়া’ জোট?

অনলাইন ডেস্ক

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর বলছে লিখিতভাবেই নরেন্দ্র মোদিকে সমর্থন দিয়েছেন তার জোট এনডিএ’র অন্যতম শরিক নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর দল। ফলে মোদির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে আপাতত আর কোনো বাধা নেই। সেই সাথে নীতীশ ও নাইডুর সাথে মন্ত্রীত্ব আর বিশেষ প্যাকেজ নিয়ে চলছে দরকষাকষি।

যদিও রাহুল গান্ধীর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর জন্য দরজা খোলাই রেখেছিল। তবে নাইডু-নীতীশ মোদিতে আস্থা রাখায় ইন্ডিয়া জোটকে আপাতত বিরোধীর আসনেই বসতে হবে।

তবে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকেও নেতারা একই মতে অটল আছে। এখনো নাইডু-নীতীশের জন্য নিজেদের দুয়ার খোলা রাখার চিন্তাতেই থিতু আছে মোদি বিরোধী জোটটি।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ভোট ৪ জুন গণনা করা হয়। ক্ষমতাসীন বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারছে না।

সদ্য শেষ হওয়া বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট ২৯৩ আসন পেয়েছে। জোট সরকার গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, নতুন সরকার শপথ নেবে ৮ জুন।

অন্যদিকে বিরোধী কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২৩৩ আসন।

গতকাল ‘ইন্ডিয়া’ জোটের প্রায় দুই ঘণ্টার বৈঠকে ২১টি দলের ৩৩ জন নেতা অংশ নেন।

বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা মতামত ব্যক্ত করেন যে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের জনতা দল (সংযুক্ত-জেডিইউ) ও অন্ধ্র প্রদেশের নাইডুর তেলেগু দেশম পার্টির (টিডিপি) জন্য দরজা খোলা রাখা উচিত। সঠিক সুযোগের জন্য ‘ইন্ডিয়া’জোট অপেক্ষায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights