তামিলনাড়ুতে ৮৪ লাখ নারীর জন্য ফ্রি বাসযাত্রা, আরও যে যে সুবিধা বাড়ালেন মুখ্যমন্ত্রী বিজয়

অনলাইন ডেস্ক
তামিলনাড়ুতে নারীদের জন্য বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা আরও সম্প্রসারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। শুক্রবার গান্ধীজয়ন্তী উপলক্ষে ‘ভেট্রি পায়ানাম’ কর্মসূচির সম্প্রসারিত সংস্করণ চালু করা হয়। রাজ্য সরকারের দাবি, নতুন সুবিধায় প্রতিদিন ৮৪ লাখের বেশি নারী উপকৃত হবেন।

নতুন ব্যবস্থায় সুবিধাভোগীরা সাধারণ বাসের পাশাপাশি ‘এক্সপ্রেস’ ও ‘ডিলাক্স’সহ বিভিন্ন শ্রেণির সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। এ সুবিধা পেতে নারীদের কোনো আয়সীমা মানতে হবে না। একই সঙ্গে প্রতিদিন কতবার বাসে যাতায়াত করা যাবে, তারও কোনো সীমা রাখা হয়নি।

তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের নামের সঙ্গে মিল রেখে কর্মসূচিটির নাম রাখা হয়েছে ‘ভেট্রি পায়ানাম’, যার অর্থ ‘বিজয়ী যাত্রা’।

এর আগে গত ২৪ আগস্ট রাজ্য বিধানসভায় নারীদের জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বিজয়। এর মধ্যে ছিল বছরে তিনটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার পরিকল্পনাও। ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ নামের এ কর্মসূচিতে বছরে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হতে পারে। আগামী জানুয়ারিতে পঙ্গল উৎসবের সময় এটি চালু হওয়ার কথা। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার উপকৃত হবে বলে জানানো হয়েছে।

প্রস্তাবিত কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে সিলিন্ডারের মূল্য দেওয়া হবে। সিলিন্ডার বুকিং ও সরবরাহের পর তেল বিপণন কোম্পানির বিলের ভিত্তিতে অর্থ পরিশোধ করা হবে। বছরে আড়াই লাখ রুপির কম আয় করা পরিবার এ সুবিধা পাবে। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারও এর আওতায় থাকবে।

এ ছাড়া চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাতিলের ঘোষণাও দিয়েছেন বিজয়। পাড়ান্দুর এলাকায় প্রস্তাবিত ওই বিমানবন্দর নির্মাণ হলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত এবং স্থানীয়দের জীবিকা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল বলে তিনি জানান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights