তেল সরবরাহে নতুন রপ্তানি রুট খুঁজছে সৌদি আরামকো

বিশ্বজুড়ে তেল সরবরাহ ও রপ্তানি প্রক্রিয়া নিরবচ্ছিন্ন রাখতে নতুন রপ্তানি রুটের সন্ধান করছে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি কোম্পানি সৌদি আরামকো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের।

আমিন নাসের জানান, তাদের বিখ্যাত ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ সম্প্রসারণের সম্ভাবনাসহ নতুন বিভিন্ন পথ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বাজারে চাহিদা দেখা দিলে খুব দ্রুত তেল উৎপাদন বাড়াতে তারা পুরোপুরি প্রস্তুত।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেল পৌঁছানো চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত এবং ইয়েমেন যুদ্ধের প্রভাবে জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ও রপ্তানিতে নানা বিঘ্ন ঘটছে। এতে সম্প্রতি আরামকোর সামগ্রিক তেল উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রধান তেলক্ষেত্রগুলো থেকে লোহিত সাগরের পশ্চিম উপকূলে তেল পরিবহনে ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ এই পাইপলাইনসহ অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়। এ ধরনের সামরিক উত্তেজনার মুখে মূল রপ্তানি পথগুলো সুরক্ষিত করা এবং বিকল্প রুটের সক্ষমতা বাড়ানোকে এখন সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে সৌদি আরামকো।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights