তেহরান শক্তিশালী থাকতেই যুদ্ধ থামানোর পক্ষে ইরানের প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
যুদ্ধ অবসানের একটি উপযুক্ত সময় খুঁজছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মনে করেন, এখনই সেই ভালো সময়। কারণ, তেহরান এখন বেশ শক্তিশালী ও সম্মানজনক অবস্থানে রয়েছে।
শুক্রবার ইরানের সংবাদমাধ্যমগুলো এই তথ্য সামনে এনেছে। মিজান নিউজ এজেন্সি ও ইসনার খবর অনুযায়ী, পেজেশকিয়ান বলেছেন, শক্তি ও সম্মান থাকতে থাকতেই আজ যুদ্ধ থামানো সবচেয়ে ভালো।
প্রেসিডেন্ট যখন সংঘাত শেষের কথা বলছেন, তখন ইরানের সামরিক বাহিনীর কথায় কিছুটা ভিন্ন সুর পাওয়া গেছে। মেহের নিউজ এজেন্সির মতে, সশস্ত্র বাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন, নতুন কোনো হুমকি এলে বড় ধরনের জবাব দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি তেহরানের সঙ্গে আলোচনা আপাতত বন্ধ রেখেছেন। এর পরপরই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের কথা জানায়। সংবাদমাধ্যমের খবর বলছে, তারা জানিয়েছে, যুদ্ধ যদি আবার শুরু হয়, তবে তারা আরও বড় ও শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে পারে।
