দর্শকের আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা
অনলাইন ডেস্ক
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। গল্পের ভিন্নতা, শিল্পীদের অভিনয় এবং একের পর এক নাটকীয় ঘটনা দর্শকদের মুগ্ধ করেছে। শুধু পাকিস্তানেই নয়, ভারত, নেপাল, বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও জনপ্রিয়তা পেয়েছে নাটকটি। দর্শকদের এই বিপুল সাড়া বিবেচনায় নিয়ে নাটকটির পর্বসংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
পাকিস্তানি সংবাদমাধ্যম রিভিউইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাটকটির মোট পর্বসংখ্যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও। তার দেওয়া তথ্য অনুযায়ী, শুরুতে ‘দার-ই-নিজাত’ ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু দর্শকদের প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন এনেছেন সংশ্লিষ্টরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নাটকটির পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে।
নিজের ভ্লগে সোনিয়া রাও জানান, নাটকটি শিগগিরই শেষ হয়ে যাবে ভেবে যাঁরা হতাশ হচ্ছেন, তাদের আপাতত চিন্তার কিছু নেই। প্রচারের জন্য এখনো বেশ কয়েকটি পর্ব বাকি রয়েছে। এমনকি দর্শকদের আগ্রহ একইভাবে অব্যাহত থাকলে পর্বসংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে নাটকটির ভবিষ্যৎ পর্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা। অনেকেই জানিয়েছেন, ‘দার-ই-নিজাত’-এর গল্প তাদের এতটাই ভালো লেগেছে যে প্রয়োজনে হাজার পর্বও দেখতে রাজি তারা। তবে বিপরীত মতও রয়েছে। একাংশের আশঙ্কা, দর্শকপ্রিয়তার কারণে গল্প অযথা দীর্ঘ করা হলে নাটকটির মূল আকর্ষণ ও আবেদন নষ্ট হতে পারে।
উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত হয়েছে ‘দার-ই-নিজাত’। থ্রি এস এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি প্রচারিত হচ্ছে এআরওয়াই ডিজিটালে। পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও দেখা যাচ্ছে এটি।
নাটকটির মূল গল্প আবর্তিত হয়েছে জারিয়াব ও আবু বকরের ভালোবাসা এবং তাদের জীবনের নানা পরিবর্তনকে কেন্দ্র করে। আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। অন্যদিকে জারিয়াব চরিত্রে রয়েছেন দুরে ফিশান সেলিম। আগামী পর্বগুলোতে তাদের গল্প কোন দিকে এগোয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
