দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাল দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও তা পুনঃখনন ও দখলমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া ও রূপসী সুইসগেট এলাকা পরিদর্শন করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘রূপগঞ্জ থাকার কথা রূপে ভরা, অথচ এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে, বিগত সময়ে কোনো কাজই হয়নি। ফ্যাসিস্টরা লুটপাটে ব্যস্ত ছিল পুরো সময়। এসব এলাকার প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে পাঁচজন মানুষের কাছে। আমরা পাঁচ লাখ মানুষের পক্ষে কাজ করব। পাঁচজনের কাছ থেকে খালের জমি উদ্ধার করতে যা যা করা প্রয়োজন, তাই করব। আপনারা আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আগামী দুই-তিন দিনের মধ্যে আপনাদের সঙ্গে নিয়ে খাল উদ্ধারের কাজ শুরু করব।’
তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রথম খাল খননের কাজ শুরু হয়। তারপর বিগত ফ্যাসিস্টরা এসে খাল খননের কাজ বন্ধ করে দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সেই কাজ চালু করেছেন। ইনশাআল্লাহ, দ্রুতই দেশের মানুষ এর সুফল পেতে শুরু করবে।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সদস্যসচিব বাচির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
