দিনাজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আ.ন.ম. বজলুর রশিদ কালু ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। বৃহস্পতিবার বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর, বাসুদেবপুর, চিন্তামনি বাজার, পাবর্তীপুর ও মোবারকপুরসহ বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দোয়া প্রার্থনা করেন।
আ.ন.ম বজলুর রশিদ কালু বলেছেন, ‘আমি গ্রাম থেকে গ্রামাঞ্চলে ব্যাপক গণসংযোগ করে মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। জনগণ আমার পক্ষে ব্যাপক সাড়া দেওয়ার পাশাপাশি আর্থিকভাবেও সহযোগিতা করছে। আমি জনগণের মনোনীত একজন প্রার্থী। ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ আমার সাথে রয়েছে।’
গণসংযোগকালে কোন রাজনৈতিক দল অন্য কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমি তৃণমুল থেকে শুরু করে শহর পযন্ত গণসংযোগ চালাচ্ছি, এখন পর্যন্ত কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। তবে কতিপয় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমার কর্মীদের বাসায় গিয়ে নির্বাচনের পর মামলা দিয়ে জেলহাজত খাটাবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি বাপেরও ভাই, বেটারও ভাই, ভাইয়ের ভাই, ভাবীরও ভাই। আমি হলাম কালু ভাই। সেই হিসেবে সবাই আমাকে গ্রহণ করছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত ।’
উল্লেখ্য,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দিতা করছেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, স্বতন্ত্র আ.ন.ম বজলুর রশিদ, জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আ ন ম আফজালুল আনাম, জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. জুলফিকার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুরের প্রার্থী ও সাবেক বোচাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহা; রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলিম লীগের মো: মোকাররম হোসেন,স্বতন্ত্র আনোয়ার চৌধুরী জীবন, জেলা বাংলাদেশ খেলাফত মজলিশ এর সেক্রেটারি মাওলানা জোবায়ের সাঈদ।
