দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের কাছে দিনাজপুরের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সাথে তার প্রথম আনুষ্ঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দিনাজপুর শহর যানজট মুক্ত রাখতে ইজিবাইক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, শহরের রাস্তাঘাট দখলমুক্ত করা, শহরের নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেন।
নবাগত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি সাংবাদিকদের পরামর্শগুলো শোনেন ও এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
