ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

অনলাইন ডেস্ক
কিশোরী ধর্ষণ মামলার অভিযোগে নেত্রকোনার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়া (৩৩) র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।

শুক্রবার ভোরে র‌্যাব-১৪-এর একটি দল ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মহিষারন গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়। আজ দুপুরে র‌্যাবের কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন।

এদিকে, নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান তাদের থানায় হস্তান্তর করার পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা রিপন মিয়া পেশায় কাঠমিস্ত্রি হলেও ‘রিপন ভিডিও’ নামে ফেসবুকে আঞ্চলিক ভাষার কনটেন্ট তৈরি করে পরিচিতি পান। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় দেশ-বিদেশে ঘোরাসহ নানা কর্মকাণ্ডে আলোচনায় আসেন। ব্যক্তিজীবন নিয়েও একাধিকবার সমালোচনার মুখে পড়েন তিনি।

সর্বশেষ অভিযোগ অনুযায়ী, নিজের গ্রামের এক কিশোরীকে কনটেন্ট ক্রিয়েটর বানানোর প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রিপন। গত ৩০ জুলাই স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ রয়েছে। পরে দুজনকে টাকা দিয়ে ম্যানেজ করলেও অন্যরা ম্যানেজ না হওয়ায় বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেন দরবার চলে। এক পর্যায়ে গত ৩ আগস্ট রাতে স্থানীয় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সালিশের মাধ্যমে ভুল স্বীকার করায় ৫ লাখ টাকা জরিমানা ও অভিযুক্ত রিপনকে গ্রাম ছাড়ার নির্দেশ দেন সালিসকাররা।

এরপর পুলিশ কিশোরীর পরিবারকে খুঁজে বের করে থানায় মামলা করতে সহায়তা করে। গত ৫ আগস্ট কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোনা মডেল থানায় রিপনকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আত্মগোপনে থাকা রিপনকে অবশেষে শুক্রবার ভোরে গৌরীপুর থেকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights