ধর্ষণে অভিযুক্ত লামিচানের সঙ্গে হাত মেলাতে অনীহা স্কটিশদের

অনলাইন ডেস্ক

ধর্ষণে অভিযুক্ত নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে মাঠে ফেরানোয় নীরব প্রতিবাদ জানাল স্কটল্যান্ড ক্রিকেট দল। নেপালের সব ক্রিকেটারের সঙ্গে হাত মেলালেও লামিচানের সঙ্গে হাত মেলাতে রাজি হননি স্কটল্যান্ডের কোনো ক্রিকেটার। এ ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার কির্তিপুরে নেপালের কাছে ওয়ানডেতে ৩ উইকেটে হেরেছে স্কটল্যান্ড। ম্যাচের পর স্কটিশ খেলোয়াড়রা প্রতিপক্ষ দলের লামিচানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। নেপাল, নামিবিয়া ও স্কটল্যান্ডকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর অধীনে ত্রিদেশীয় সিরিজটি মাঠে গড়িয়েছে। স্কটিশদের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে নেপালের হয়ে ১০ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন লেগস্পিনার লামিচানে।

লামিচানে বর্তমানে যৌন নিপীড়নের মামলায় জামিনে আছেন। তাকে ম্যাচ খেলার অনুমোদন দেয় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু প্রতিপক্ষ স্কটল্যান্ড বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা যৌন নিপীড়নের প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরের ৬ তারিখ নেপাল পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এক নাবালিকা। পরের দিনই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তার নামে। সে সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাসপেন্ড করে নেপাল ক্রিকেট বোর্ড।

সূত্র : ইএসপিএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights