‘ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ’

অনলাইন প্রতিবেদক

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলালপত্নী ন‌ওশীন আরজান হেলাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার মীর হেলাল জয়লাভ করলে চট্টগ্রাম-৫ আসনের মধ্যবর্তী স্থানে হাটহাজারী-বায়েজিদের নারী ও শিশুদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে।

বুধবার সন্ধ্যায় ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড খীল্লাপাড়া চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে স্থানীয় মহিলা দল এ সমাবেশের আয়োজন করে।

মিসেস হেলাল বলেন, এদেশের নারী সমাজের উন্নয়নে বেগম খালেদা জিয়া সরকারের ব্যাপক অবদান আছে। কন্যা শিশুদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করণ, কারিগরি শিক্ষা ব্যবস্থা, নারীদের জন্য পৃথক পলিটেকনিক্যাল তৈরি, পোশাক খাতের ব্যাপক উন্নয়ন, নারীদের কর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ, নারী উদ্যোক্তা সৃষ্টি, পুলিশ, আনসার, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য চ্যালেঞ্জিং পেশায় নারীদের অন্তর্ভুক্তি, প্রশাসন ও শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন সেক্টরে নারীর কর্মসংস্থান, জাতিসংঘ মিশনে নারী সৈনিকদের পদায়ন, জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়নে ব্যাপক কাজ করেছেন।

তিনি আগামী নির্বাচনে মীর হেলালকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এদেশের নারী সমাজের প্রথম পছন্দ ধানের শীষ। তাই তারা তাদের ভোটের আস্থা ধানের শীষেই রাখবে বলে মিসেস হেলাল দৃঢ় আশা করে বলেন, কেউ কেউ নারীদের বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে বিভ্রান্ত করতে চাইলেও এ এলাকার সচেতন নারী সমাজ কোনো গোষ্ঠীর অপপ্রচারের তাদের বিবেক হারাবে না।

সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সবার দোয়া কামনা করেন।

হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাছরিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন চবি ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম (কে আলম), ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী ইউসুফ, সাধারণ সম্পাদক শাহাজাহান মঞ্জু, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলি ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি নুরী মাহফুজ, ১ নং দক্ষিণ পাহাড়তলী উপজেলা মহিলা দলের সভাপতি তাহেরা বেগম, সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, সিনিয়র সহ-সভাপতি লাকী আক্তার, শিরীন আক্তার, উপজেলা সাংগঠনিক সম্পাদক আঁখি আকতার, প্রচার সম্পাদক জোছনা আকতার, সেলি, পারুল, মনোয়ারা, বাসু আকতার, যুবদল নেতা জাবেদ, রুবেল, গাজী টিটু, গাজী সুমন, মো. ইলিয়াস, ছাত্রদল নেতা রবিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights