নওগাঁয় ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল ৫ জনের
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে ড্রামট্রাকের চাপায় ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০) এবং মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা ভ্যানে থাকা অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে একটি সড়ক দুর্ঘটনাটি হয়। হাসপাতলে গুরুতর অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় মোট ৫ জন মারা গেছে।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
