নলকূপের মিটার চুরির প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে এখন আলু সেচের মৌসুম চলছে। কৃষকরা মিটার ও ট্রান্সফরমার চুরি ঠেকাতে রাতে মাঠেই রাত্রীযাপন করছেন। এরইমধ্যে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট মাঠে মঙ্গলবার দিবাগত রাতে তিনটি গভীর নলকূপের মিটার চুরির অভিযোগ উঠেছে। রাতে পুলিশকে জানানো হলেও কোনো গুরুত্ব না দেওয়ায় বুধবার সকালে নলকূপের মালিক ও কৃষকরা কালাই উপজেলার পুনট-শান্তিনগর রাস্তার মাথায় জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রায় এক ঘন্টা ধরে চলা এ অবরোধ কর্মসূচিতে মহাসড়কের দুপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।

চুরি হওয়া গভীর নলকূপের মালিকরা জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন মাঠে গভীর ও অগভীর নলকূপের মিটার ও ট্রান্সফরমার চুরি হচ্ছে। পুলিশ এ পর্যন্ত চক্রের একজন সদস্যকেও গ্রেফতার করতে পারেনি। পল্লীবিদ্যুৎ অফিসে গিয়েও নানা ঝামেলা পোহাতে হচ্ছে। তাই আমরা নিজেরাই এই শীতে মাঠের মধ্যে মিটার ও ট্রান্সফরমার চুরি আতঙ্কে রাত্রীযাপন করছি। তবুও চুরি ঠেকাতে পারছি না। গতরাতে পুনট পূর্বপাড়া মাঠ থেকে শাহজাহান আলী, সরদারপাড়া মাঠ থেকে আজিজার রহমান ও সড়াইল মাঠ মিলে তিনজনের গভীর নলকূপের মিটার ও সিভার তার চুরি করে নিয়ে যায় চোরেরা। রাতে পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। সকালে কৃষকরা মাঠে এসে সেচ দিতে না পেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

তারা আরও জানায়, এসব বৈদ্যুতিক মিটার চুরির সময় চোরেরা তাদের সাথে যোগাযোগের জন্য ফোন নম্বর রেখে যায়। সেই ফোন নম্বরে যোগাযোগ করলে মিটার ফিরে পেতে টাকা দাবি করেন। টাকা দিলেই মিটার ফেরত পাওয়া যাবে। পুলিশকে এসব ফোন নম্বর দেওয়া হলেও কোনো চোর গ্রেফতার হয়নি।

চুরি হওয়া মিটারের মালিক শাহজাহান আলী বলেন, রাতে আমরা ঘরের ভিতরেই ছিলাম। অনেক কুয়াশা থাকায় কখন চোরেরা এসে মিটার নিয়ে গেছে তা টের পাইনি। রাত দেড়টার দিকে পুলিশকে ফোন করে বলার পরও তারা আসেনি। পুলিশের উপর আক্ষেপ করেই মালিক ও কৃষকরা আজ মহাসড়ক অবরোধ করেছে।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কালাই জোনাল অফিসের ডিজিএম হামিদুল হক বলেন, প্রতিনিয়ত বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির ঘটনা ঘটছে। আমরা চুরি রোধে গ্রাহকদের প্রতিনিয়ত সচেতন করছি। এলাকায় মাইকিংও করছি। প্রতিটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

কালাই থানার ওসি তদন্ত মো. মাহবুবর রহমান সরকার বলেন, চুরির ঘটনার সাথে মহাসড়ক অবরোধের কোনো সম্পর্ক নেই। তারা কেন মহাসড়ক অবরোধ করেছিল তা তদন্ত করে দেখা হবে। মিটার চুরির ঘটনা সত্য, এলাকাবাসী ও নলকূপ মালিকদের চুরির বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights