নাকভির হাত থেকে নিল না এশিয়া কাপের ট্রফি

অনলাইন ডেস্ক

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভি নারী এশিয়া কাপের ফাইনালে থাকবেন, বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন। এমন খবর পেতেই গুঞ্জন শুরু হয়, চ্যাম্পিয়ন হলে কি ছেলে দলকে অনুসরণ করে ভারতের মেয়েরাও পাকিস্তান ক্রিকেট প্রধানের কাছ থেকে ট্রফি নেবে না! ভারত চ্যাম্পিয়ন হলো। এবং একই পথে হাঁটল।

ফাইনালে ভারত বিজয়ী হওয়ার পর এক ঘণ্টা ঘন্টা দেরিতে শুরু হয় পুরস্কার বিতরণ। শ্রীলংকা দল রানার্সআপ মেডেল ও চেক বুঝে নেন নাকভির হাত থেকে। এসময় ভারতের ক্রিকেটারদের কেউ মাঠে ছিলেন না। পরে জানা যায় তারাও ট্রফি বয়কট করবে।

এর আগে মাঠের খেলায় ২০২৪ সালের ফাইনালে হেরে যাওয়ার শোধ তোলে ভারত। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের রেকর্ড অষ্টম শিরোপা জিতল তারা। শিরোপা নির্ধারণী ম্যাচের শুরুতে ব্যাট করেছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৩ রান করে তারা।

দুবাইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর। ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ১২.৫ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ১২৯ রান। দুই ওপেনারই ফিফটির দেখা পেয়েছেন। দুজনই খেলেছেন ৩৯টি করে বল। স্মৃতি মান্ধানা ৫৯ ও শেফালি ভার্মা ৬৮ রান করেন।

বাকি ব্যাটাররা অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। দলনেতা হারমানপ্রিত ১৪, রিচা ঘোষ ১৭ রান করেন। আর ২ রানে ভারতী ফুলমালি ও ১৫ রানে গুনালান কামালিনি অপরাজিত থাকেন।

লক্ষ্যে নেমে শ্রীলঙ্কা হতাশাজনক শুরু করে। প্রথম ওভারেই ইমেশ দুলানি আউট হন। গতবারের চ্যাম্পিয়নরা পরের উইকেট হারিয়েছে দশম ওভারে। চামারি আতাপাত্তু ও ভিস্মি প্রতিরোধ গড়লেও রানের চাকা ঘুরছিল না। একই ওভারে দুই ব্যাটার ফিরে যান প্যাভিলিয়নে। এরপর ব্যাটিং বিপর্যয়। ৪ উইকেটে ১০০ রানে পৌঁছানোর পর ১১১ রানে শেষ বলে দশম উইকেট হারায় শ্রীলঙ্কা।

ভারতের পক্ষে শ্রী চরণি চারটি ও দিপ্তি শর্মা ৩ উইকেট নেন।

গত বছর ভারতের পুরুষ দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় পাকিস্তানকে হারিয়ে। তারপর নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় তারা। শেষ পর্যন্ত এসিসি প্রেসিডেন্ট ট্রফিটি না দিয়ে দুবাইয়ের কার্যালয়ে রাখেন। এবার তার পাশে শোভা পাবে ভারতের নারী দলের জেতা ট্রফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights