নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলমের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আহাদ বলেন, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ দূর করতে হলে জনসচেতনতার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার জরুরি। পরিবার থেকেই সন্তানদের সঠিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তিনি বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা এবং সুশীলন এনজিওর উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিন।
মারজানা ইসলাম শিবনা বলেন, নারী ও শিশু একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা শুধু রাষ্ট্রের নয়, পরিবার ও সমাজেরও দায়িত্ব। তিনি বলেন, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং অনলাইন হয়রানির মতো অপরাধ নারী ও শিশুদের স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসব প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
রহমত আরা শারমিন বলেন, নারী ও শিশু নির্যাতন সমাজের একটি গুরুতর সমস্যা। নিরাপদ ও মানবিক সমাজ গঠনে পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। তিনি বাল্যবিবাহ, যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং অনলাইন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আইনগত সহায়তা গ্রহণের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিবন রায়, জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার খালেদা আক্তার এবং বসুন্ধরা শুভসংঘের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিদুল ইসলাম।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। কন্যাশিশুর নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি নারী নির্যাতন ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনমুক্ত, বাল্যবিবাহবিহীন ও সচেতন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনা আক্তার ও মো. রবিউল আউয়াল, নারী বিষয়ক সম্পাদক মোছা. সাবিনা আক্তার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কলি আক্তার, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মৌসুমী তালুকদার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আশিক নুর, কার্যকরী সদস্য অসিম তালুকদার, পুঁজা রানী দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
