নেত্রকোনায় নদীতে ডুবে দুজন নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় পৃথকভাবে দুই উপজেলায় নদীতে ডুবে দুজন নিখোঁজ হয়েছে। কলমাকান্দা সীমান্তের মঙ্গলেশ্বরী নদীতে সকালে চাঁন মিয়া (৫৫) নামে একজন এবং দুর্গাপুরের আত্রাখালি নদীতে নেমে দুপুরে হোসেন আলী (৫৫) নামে আরেকজন নিখোঁজ হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক চাঁন মিয়ার সাথে থাকা মো. নূরজামাল, মো. বদু মিয়াসহ তারা তিনজন বৈঠাখালী নিজাম উদ্দিনের বাড়ির পাশে মঙ্গলেশ্বরী নদীর উপর বাঁশের সাঁকো পার হচ্ছিলেন। এ সময় চাঁন মিয়ার মাথায় থাকা পলিথিনের কাগজ নদীতে পড়ে যায়। ওই পড়ে যাওয়া পলিথিন আনতে সাঁকোর পাশে থাকা মজিবুর মিয়ার বাড়ির নদীর ঘাট থেকে সাঁতার দেন চাঁন মিয়া। এরপর থেকে নিখোঁজ হলে সকলেই খোঁজাখুঁজি করে না পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসে খবর দেয়।

এদিকে, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের হোসেন আলী জমিতে চারা রোপণের জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পথে আত্রাখালী নদী সাঁতার কেটে পারপারের সময় তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে দীর্ঘক্ষণ তার খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights