নোয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মাইজদী প্রধান সড়কে হাজার হাজার নেতাকর্মী মিছিলে সমবেত হয়।
জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান। বক্তৃতায় তিনি বলেন, আজকে আমাদের যে অর্জন সে অর্জনকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সকলকে ঐক্যবদ্ধ থেকে এ অর্জনকে ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে, ততই হবে দেশের জন্য মঙ্গল। তখন কোনো চক্রান্তকারী চক্রান্ত করার সুযোগ পাবে না। আর যদি বিলম্ব করা হয় তাহলে চক্রান্তকারীরা বসে নেই, তারা সংখ্যালঘুদেরও ব্যবহার করে অনেক রকম চক্রান্ত করার চেষ্টা করছে।
জনগণের উদ্দেশ্যে বলেন, যতই চক্রান্ত করা হোক না কেন, জিয়াউর রহমানের বিএনপিকে ধ্বংস করা যাবে না।
এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাছের, জেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন, জেলা যুবদলের সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম কালাসহ প্রমুখ।
পরে সমাবেশ শেষে শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে মোহাম্মদ শাজাহানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মফিজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
