পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ঢাবিতে প্রতি শনিবার ছাত্রদলের অভিযান

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে দুর্গাপূজার ছুটির পর থেকে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ বা পরিচ্ছন্নতা অভিযান পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

‘গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’—এই দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটি পালিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্নতার লক্ষ্যের সঙ্গে মিল রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হলসহ সব পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন এবং উৎসাহিত করতেও কাজ করবেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচির অনুমোদন দিয়েছেন।

পাশাপাশি নিজ পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights