সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
বিএনপির সদ্যপ্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর শ্যামপুর লাল মসজিদে জুমার নামাজের পরে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মডেল কলেজ মাঠে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
জুমার নামাজের আগে সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মেজো ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমার বাবা আজ এ দুনিয়ার বুকে নেই। বাবা দেশের ও এ এলাকার জনগণ এবং জনগণের উন্নয়নে সবসময় কাজ করে গেছেন। আজ আমার মরহুম বাবার জন্য দোয়া করতে দূর-দূরান্ত থেকে এসে আপনারা আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, এ মসজিদে বাবার জানাজা হয়েছে। এ মসজিদ বাবার জীবনের শেষ কাজ ছিল। তিনি মসজিদটির দোতলার ছাদ পর্যন্ত কাজ শেষ করতে পেরেছেন, তবে পুরো কাজ সম্পন্ন করে যেতে পারেননি। বাবার অসমাপ্ত এ কাজটি যেন আমরা সবাই মিলে সম্পন্ন করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।
রবিন বলেন, আমরা যেন একে অপরকে ক্ষমা করে দেই এবং সবার জন্য দোয়া করি। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।
কুলখানি ও দোয়া মাহফিলে মরহুম সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তার পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।
কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুববিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গত ১৩ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে মারা যান সালাহউদ্দিন আহমেদ।
