পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ, আটক ৪

পাবনা প্রতিনিধি

পাবনা শহরে কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চার সন্দেহভাজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

​শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

​ছাত্রদলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী নাশকতার প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে ভবনের ওপর থেকে দুর্বৃত্তরা মিছিল লক্ষ্য করে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে। এতে ইটের খোয়ার আঘাতে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন আহত হন। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​মুক্তিযোদ্ধা মার্কেট থেকে ককটেল নিক্ষেপের বিষয়টি বুঝতে পেরে মিছিলকারীরা মার্কেটটি ঘেরাও করে চার সন্দেহভাজন দুর্বৃত্তকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

​এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে নানা অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল বের করলে আমাদের লক্ষ্য করে ককটেল ও খোয়া নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিকভাবে আমরা চার সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন অপতৎপরতা নতুন কিছু নয়। রাজপথে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।

​পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মার্কেটের ভেতরে আটক রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তাদের নাম-পরিচয়, ঠিকানা এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights