পাবনায় বাসের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন মিয়া (৭০) নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রবিবার সকাল ৬ টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের আমিনপুরের বুলবুরের মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন আহম্মেদপুর ইউনিয়ন আহম্মেদপুর গ্রামের মৃত ইরাদ আলী মিয়ার ছেলে ও আহম্মেদপুর ইউনিয়নের (২০০৩-২০০৮) ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, সকাল ৬ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কাশিনাথপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে উঠতেই পাবনা থেকে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি।

এ সময় স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

আহম্মেদপুর ইউনিয়ন পরিষদের (সচিব) আশরাফুল ইসলাম বলেন, তিনি এই পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাসের বেপরোয়া চলাচলের কারণেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি মেনে নেওয়া কষ্টের।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন আরো বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights