পিসিবির নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানের একঝাঁক সাবেক ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
জাম্বিয়ায় অনুষ্ঠিত অননুমোদিত এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নেওয়ায় পাকিস্তানের একাধিক সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে পিসিবি জানায়, আইসিসির টুর্নামেন্ট অনুমোদন ও খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এশিয়ান লিজেন্ডস লিগ একটি অননুমোদিত প্রতিযোগিতা। এমনকি স্বাগতিক জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ)-ও এই টুর্নামেন্টকে অনুমোদন দেয়নি।
পিসিবি জানিয়েছে, প্রয়োজনীয় এনওসি ছাড়াই এই লিগে অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ সময় তারা পিসিবির অনুমোদিত কোনো বিদেশি লিগে খেলার জন্য এনওসি পাবেন না।
এছাড়া নিষেধাজ্ঞার মেয়াদে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোনো কোচিং, মেন্টরিং কিংবা পরামর্শক কার্যক্রমেও যুক্ত হতে পারবেন না।
পিসিবি আরও স্মরণ করিয়ে দিয়েছে, বিদেশি যেকোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের এনওসি নেওয়া আইসিসির নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক। এ নিয়ম লঙ্ঘন করলে খেলোয়াড়দের পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ডও জবাবদিহির মুখে পড়তে পারে।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিয়েছে। এর মধ্যে পাকিস্তান প্যান্থার্স দলে খেলছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা।
দলের সম্ভাব্য স্কোয়াডে রয়েছেন শারজিল খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমলের মত সাবেক তারকা ক্রিকেটার। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যেই টুর্নামেন্টে মাঠে নেমেছেন বলে জানিয়েছে ক্রিকইনফো।
লিগের অফিশিয়াল ওয়েবসাইটে পাকিস্তান প্যান্থার্স দলের খেলোয়াড় হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে তারা হলেন: শারজিল খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, নাভিদ-উল-হাসান, মোহাম্মদ ইরফান, জুলফিকার বাবর, রাহাত আলী, হাসান রাজা, ইয়াসির ভাট এবং রানা নাঈম আনোয়ার।
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা খেললেও, এখন পর্যন্ত কেবল পিসিবিই তাদের খেলোয়াড়দের অংশগ্রহণকে নিয়মভঙ্গ উল্লেখ করে শাস্তির হুঁশিয়ারি দিয়েছে।
সূত্র: ক্রিকইনফো
